এসআইআর- এ আদিবাসী চা শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল সিপিএম। সোমবার সকালে জলপাইগুড়ি জেলার করলাভ্যালি চা বাগানের গেটে সিপিএমের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং অনুষ্ঠিত হয়।
এই গেট মিটিংয়ে চা শ্রমিকদের বড় সংখ্যায় উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তারা অভিযোগ করেন, এসআইআর-এর অজুহাতে বহু আদিবাসী চা শ্রমিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল।
দ্রুত এই প্রক্রিয়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়। এদিন শুধু ভোটার তালিকার বিষয় নয়, চা শ্রমিকদের বিভিন্ন দাবি- দাওয়াও সামনে আনা হয়। শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, চা বাগানের জমির পাট্টা প্রদান, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও মৌলিক সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
সিপিএম নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। সভা শেষে শ্রমিকদের অধিকার রক্ষায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাকও দেওয়া হয়।
