কলকাতায় টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গে

কলকাতায় আগামী তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত শহর ও আশপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
শনিবার বিকেলেও কলকাতার বিভিন্ন এলাকায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে। রবিবার দিনভর শহরের আকাশ ছিল মেঘলা। সোমবার সকালেও তেমন রোদ দেখা যায়নি। আবহাওয়াবিদদের মতে, আপাতত কয়েক দিন এমন মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতিই থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বেশ কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আবার বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই বজ্রবিদ্যুতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গেও এই সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার এই সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বুধবারও একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে তাপমাত্রায় খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দফতরের মতে, আগামী সাত দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রাও আগামী চার দিন প্রায় একই থাকবে। তার পরে ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ২.৩ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম।
সব মিলিয়ে, সপ্তাহের শুরুতে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির আবহেই কাটবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।