বাড়তে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ টানাপোড়েনের মাঝে এবারের বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

আগে সাধারণত বছরের শুরুর দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা করা হত। তবে সেই ট্রেন্ড পাল্টেছে বিগত কয়েক বছরে। প্রশাসনিক সিদ্ধান্তে এই রীতিতে এসেছে পরিবর্তন। শেষ দুটি রাজ্য বাজেটের ক্ষেত্রে বাজেট পেশের সময়েই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাই বর্তমানে ডিএ নিয়ে বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা।

কর্মীদের কথা মাথায় রেখে অন্তত এক কিস্তি ডিএ ঘোষণা করা হতে পারে রাজ্য বাজেটে। মূলত অন্তর্বর্তী বাজেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণার সম্ভাবনা সেভাবে থাকে না। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জনহিতকর একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।