মন্ত্রিসভার দফতর বণ্টনে জট, শুক্রবারও ঘোষণা হল না দায়িত্ব

নতুন সরকারের মন্ত্রিসভার দফতর বণ্টন নিয়ে অনিশ্চয়তা কাটল না শুক্রবারও। গত ১ জুন শপথ নেওয়া ৩৫ জন মন্ত্রীর মধ্যে কে কোন দফতরের দায়িত্ব পাবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি সফর এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের রাজধানীতে উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

গত ১ জুন লোক ভবনে বিজেপির ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, তিন জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ৯ মে ব্রিগেড সমাবেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নিয়েছিলেন পাঁচ জন পূর্ণমন্ত্রী।

মন্ত্রিসভার তৃতীয় বৈঠকের পর গত বুধবারই দফতর বণ্টনের ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের পরে অন্নপূর্ণা যোজনার সূচনা, পশ্চিমবঙ্গ দিবস পালনের নতুন দিন নির্ধারণ, মা ক্যান্টিনের নাম পরিবর্তন এবং বিএসএফ-কে জমি হস্তান্তর সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানানো হলেও মন্ত্রীদের দফতর বণ্টন নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। পরে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি এবং শুক্রবার ঘোষণা করা হতে পারে।

কিন্তু শুক্রবার বিকেল পর্যন্তও সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি সফরে গিয়েছেন বলে সূত্রের খবর। যদিও শুক্রবার তাঁর কর্মসূচির মধ্যে রিক্রুটমেন্ট কমিশন ও বিভিন্ন বোর্ডের বৈঠকে অংশ নেওয়ার কথাও ছিল। দফতর বণ্টনের ঘোষণা কবে হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে।