বিদ্যুৎ বিল ২ লক্ষ ৭৬ হাজার! অদ্ভুত বিলে মাথায় হাত দিনহাজিরা শ্রমিকের

অদ্ভুতুড়ে বিদ্যুৎ বিলে কার্যত মাথায় হাত এক বিদ্যুৎ গ্রাহকের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার–১ নং ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের ছোট যাত্রুলাইন এলাকায়। বিদ্যুৎ গ্রাহকের নাম পরেশ ওঁরাও।

জানা গিয়েছে, দিন দু’য়েক আগে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরেশ ওঁরাওয়ের বাড়িতে বিদ্যুৎ বিল পৌঁছে দিতে আসেন। বিল দেখেই চক্ষু চড়কগাছ হয়ে যায় বাড়ির মালিকের। কারণ, সেই বিলে বিদ্যুৎ খরচের অঙ্ক লেখা রয়েছে ২ লক্ষ ৭৬ হাজার টাকা।

পরেশ ওঁরাও জানান, তাঁর বাড়িতে মাত্র দু’টি লাইট ছাড়া উল্লেখযোগ্য কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয় না। এমনকি আগের মাসে তাঁর বিদ্যুৎ বিল ছিল মাত্র ৪৯৭ টাকা। হঠাৎ করে এত বিপুল অঙ্কের বিল আসায় তিনি হতবাক।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাজ্জব বনে গিয়েছেন এলাকার বাসিন্দারাও। পরেশ ওঁরাও মথুরা চা বাগানে দৈনিক দিনহাজিরা করে সংসার চালান। তাঁর পক্ষে এই বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল মেটানো কার্যত অসম্ভব বলেই জানান তিনি। পরেশের অভিযোগ, আলিপুরদুয়ার বিদ্যুৎ বণ্টন দপ্তর থেকে দ্রুত ওই বিল মিটিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

পরেশের ছেলে শ্রীবাস ওঁরাও জানান, বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস মিলেছে। তবে দ্রুত বিল সংশোধন না হলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়বে বলেই আশঙ্কা।