সরকারি সুবিধা পাবে কর্মীরা

অভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে এবার বড় পদক্ষেপ করতে চলেছে পুরসভা। কলকাতা পুরসভার কর্মীদের জন্য স্বাস্থ্যবিমার সুবিধা চালু করার জন্য উদ্যোগী হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুদিন ধরে কলকাতা পুরসভার কর্মীদের দাবি ছিল, রাজ্য সরকারি কর্মীদের মতো তাঁদেরও যেন ভালো কোনও স্বাস্থ্যবিমার সুবিধা মেলে। এতদিন তা বাস্তবায়িত হয়নি। এবার সেই দাবি পূরণের পথে ধাপে ধাপে এগোচ্ছে পুরসভা।

কলকাতা পুরসভার কর্মচারীদের জন্য ‘ওয়েস্ট বেঙ্গল হেল্‌‌থ স্কিম’ বা তার সমতুল্য কোনও স্বাস্থ্যবিমা প্রকল্প যাতে চালু করা হয় এই প্রস্তাব জানিয়ে নবান্নে ফাইল পাঠানো হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে কলকাতা পুরসভার কর্মীরা প্রতি মাসে ৫০০ টাকা করে মেডিকেল ভাতা পান। পাশাপাশি প্যান একটি স্বল্পমূল্যের স্বাস্থ্যবিমা। পুরসভার এই উদ্যোগ বাস্তবায়িত হলে কয়েক হাজার পুরকর্মী ও তাঁদের পরিবার উপকৃত হতে চলেছেন।