কাকদ্বীপের মন্মথপুরে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বাবা সঙ্ঘেশ্বরজী মন্দিরে ভক্তদের ঢল নামে। ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা শিবলিঙ্গে জল নিবেদন করেন। শিবাবতার আচার্য্য শ্রীমৎ প্রণবানন্দজী মহারাজের দিব্যলীলা ভাবনা থেকে প্রতিষ্ঠিত এই মন্দিরটি ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে গড়ে ওঠে।
কালনাগিনী নদীর তীরে, কাকদ্বীপ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই শিবমন্দির ধীরে ধীরে স্থানীয়দের কাছে তারকেশ্বরের মতোই জনপ্রিয় হয়ে উঠছে। এদিন ভক্তদের মনোস্কামনা পূরণের উদ্দেশ্যে মহা রুদ্রাভিষেক ও শিবযজ্ঞের আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই মন্ত্রোচ্চারণ ও ঘণ্টাধ্বনিতে ভক্তিময় পরিবেশ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ছাড়াও দূর-দূরান্ত থেকে বহু ভক্ত এই পুণ্যস্নিগ্ধ অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকদের মতে, এ ধরনের ধর্মীয় আয়োজন ভক্তদের আধ্যাত্মিক তৃপ্তি দেওয়ার পাশাপাশি সমাজে ঐক্য ও কল্যাণ বয়ে আনে।
