বিগত বেশ কিছু দিন ধরেই চলছিল চর্চা, অবশেষে ঘোষিত হলো পরীক্ষার সময়সীমা। দেশের পিজি স্তরের চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট পিজি ২০২৫ আগামী ৩ আগস্ট এক শিফটে অনুষ্ঠিত হবে।
জাতীয় মেডিকেল সায়েন্স বোর্ড (এনবিইএমএস)-এর পরীক্ষার সময় পরিবর্তনের আবেদন শুক্রবার সুপ্রিম কোর্টে গৃহীত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই পরীক্ষা ১৫ জুন দুই শিফটে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে গত ৩০ মে সুপ্রিম কোর্ট এনবিইএমএস-কে এক শিফটে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়।
বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং এ জি মাসিহের বেঞ্চ এনবিইএমএস-এর পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করে, এবং পরীক্ষা ৩ আগস্ট-এর মধ্যে সম্পন্ন করার অনুমতি দেয়। আদালত এনবিইএমএস-এর যুক্তি, দেশে পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র না থাকার কারণে পরীক্ষা দুই শিফটে নেওয়া ছাড়া সম্ভব হচ্ছে না, তা প্রত্যাখ্যান করে।
