দুর্গাপুরে ভ*য়াবহ বাস দু*র্ঘটনা, আ*হত ২০

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উত্তেজনা ছড়াল নান্দাই দুর্গাপুর রেল গেট সংলগ্ন এলাকায়। নবদ্বীপ থেকে রানীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ও একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি একটি টোটোকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ডাম্পারের সঙ্গে প্রবল সংঘর্ষ হয়। ঘটনায় বাসের ভেতরে থাকা প্রায় সকল যাত্রীই কমবেশি আহত হন। গুরুতরভাবে আটকে পড়েন বাসের চালক। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে গ্যাস কাটার মেশিনের সাহায্যে তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত উদ্ধার কাজে নামেন। আহতদের কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকজনের আঘাত গুরুতর।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার এসডিপিও রাকেশ চৌধুরী ও কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল। আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তাঁরা।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।