ভারত – বাংলাদেশ সীমান্তে থেকে গ্রেপ্তার ৫ বাংলাদেশি

ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী মালদার হবিবপুর এলাকা থেকে পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ও বিএসএফ। হবিবপুর থানার পুলিশের হাতে চারজন ও বিএসএফের হাতে একজন বাংলাদেশি আটক হন। পরে ধৃত পাঁচজনকেই মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ভীম রায়, রতন রায়, শিপন রায় ও দুর্জয় মণ্ডল। তাঁদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাবাড়ি থানার অন্তর্গত এলাকায়। অপর ধৃত মোহাম্মদ আজহার আলীর বাড়িও বাংলাদেশে।

জানা যায়, ভোররাতে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের দাল্লা মধ্যপাড়া এলাকায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা সঙ্গে সঙ্গে হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজনকে গ্রেফতার করে।

অন্যদিকে, আগ্রা – হরিশ্চন্দ্রপুর এলাকার ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা আরও একজন বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে তাঁকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃত পাঁচজনকেই মালদা জেলা আদালতে তোলা হয়েছে। কী উদ্দেশ্যে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হবিবপুর থানা পুলিশ।