প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল,পাসের হার ৯১.২৩%

অবশেষে প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের মাত্র ৭৬ দিনের মাথায় বৃহস্পতিবার ফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যজুড়ে জেলার পড়ুয়ারাই সাফল্যের নজির গড়েছে। পাসের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে আদ্রিত পাল। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬, যা শতাংশের হিসাবে ৯৯.০২। দ্বিতীয় স্থান অধিকার করেছে জিষ্ণু কুণ্ডু। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৯১.২৩ শতাংশ। ছাত্রীদের ফলাফল এবারও ছেলেদের তুলনায় ভালো। ছেলেদের পাসের হার ৮৯.৭৪ শতাংশ হলেও মেয়েরা সেই হারকে ছাড়িয়ে গিয়েছে। প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৬৪ জন পরীক্ষার্থী। জেলার নিরিখে পাসের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে হাওড়া ও তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পাচ্ছেন। নির্দিষ্ট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে মার্কশিট ডাউনলোড করার সুবিধাও রাখা হয়েছে। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, একইদিনে রাজ্যের মোট ৫৬টি নির্দিষ্ট কেন্দ্র থেকে স্কুল প্রতিনিধিদের হাতে মার্কশিট, পাস সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে। পরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে সেই নথিপত্র পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিশেষ তাৎপর্য হল, এই প্রথম নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের হাজার হাজার পরীক্ষার্থী অফলাইন পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেয়। যথাযথ মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়েছে।

অনলাইনে ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হচ্ছে। ডিজিটাল মার্কশিটে বিষয়ভিত্তিক নম্বর, মোট প্রাপ্ত নম্বর, বিভাগ, পার্সেন্টাইল ও পরীক্ষার্থীর ছবিও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কোন বিদ্যালয় থেকে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেই তথ্যও যুক্ত করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের ডাউনলোড করা মার্কশিটের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলাফল পরবর্তী স্ক্রুটিনি, রিভিউ ও কম্পার্টমেন্টাল পরীক্ষার সংক্রান্ত সমস্ত আপডেট অফিসিয়াল পোর্টালে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি ও লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। চতুর্থ সেমিস্টারের পাশাপাশি তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হয়। পাশাপাশি পুরনো বার্ষিক পদ্ধতিতেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় ৭ লক্ষ ১০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।