দেওঘরে ভয়া*বহ সড়ক দুর্ঘ*টনা, মৃ*ত্যু ১৮ কানওয়ারিয়ার, আ*হত বেশ কয়েকজন

শ্রাবণ মাসের পুণ্যতিথিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল কানওয়ার যাত্রায়। মঙ্গলবার ভোরে দেওঘর জেলার মোহনপুর থানা এলাকার জামুনিয়া মোড়ের কাছে গোড্ডা-দেওঘর প্রধান সড়কে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন শিবভক্ত। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ড নম্বরের একটি বাসে করে পুণ্যার্থীরা দেওঘরের বাবাধাম শিবমন্দিরে যাচ্ছিলো। সেই সময় বাসটির একটি গ্যাস বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে, বাসটি রাস্তার ধারে জড়ো করে রাখা ইটের স্তূপে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত স্থানীয়রা ও মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মৃতদেহগুলি দেওঘর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে সদর হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে।

ঝাড়খণ্ড পুলিশের আইজি (দুমকা রেঞ্জ) শৈলেন্দ্রকুমার সিনহা জানান, ৩২ আসনের ওই বাসে থাকা অধিকাংশ পুণ্যার্থীই কানওয়ার যাত্রায় ছিলো। দুর্ঘটনার সময় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার পাশে ইটের স্তূপ থাকায় দুর্ঘটনার ভয়াবহতা আরও বেড়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ও মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

প্রসঙ্গত, শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত শিবদর্শনে বাবাধাম ও বাসুকীনাথ মন্দিরে যান।
এই ঘটনার জেরে শোকস্তব্ধ পুণ্যার্থীদের পরিবার-পরিজন সহ গোটা দেওঘর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার শোক প্রকাশ করেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।