বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার একটি দুর্নীতি কাণ্ডে বিপুল টাকা বাজেয়াপ্ত করল এই গোয়েন্দা সংস্থা। জানা যাচ্ছে, মোট ১২ কোটি ৩৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
জাল নথি দিয়ে এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তি মামলার তদন্ত করছে ইডি। এর তদন্তে নেমে এই রাজ্যের পাশাপাশি ওড়িশার নানান বেসরকারি মেডিক্যাল কলেজ, কলেজগুলির কিছু কর্তা, এজেন্ট এবং সংযুক্ত আরও কিছু লোকের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়।
এই মামলার তল্লাশিতে আমেরিকার নোটারির ভুয়ো স্ট্যাম্প, জাল এনআরআই সার্টিফিকেট ও আরও বেশ কিছু ভুয়ো নথি উদ্ধার করেন ইডির গোয়েন্দারা। এবার এই মামলার তদন্তেই দু’জন ব্যক্তি এবং চারটি বেসরকারি মেডিক্যাল কলেজের ‘ব্যাঙ্ক ব্যালেন্স’ বাজেয়াপ্ত করল সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের দাবি, এখনও অবধি এই দুর্নীতির কাণ্ডে মোট ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে।
