ইনফোসিস ফাউন্ডেশন তাদের চতুর্থ বার্ষিক আরোহণ সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ডস-এর জন্য আবেদনপত্র গ্রহণ শুরু করেছে। সারা ভারতে সামাজিক পরিবর্তন আনতে সক্ষম উদ্ভাবনী উদ্যোগগুলিকে সহায়তা করতে ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রতিযোগিতার লক্ষ্য হল প্রযুক্তিনির্ভর এমন সব উদ্ভাবনকে উৎসাহ দেওয়া, যা শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং পরিবেশগত স্থায়িত্ব – এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। প্রতিটি বিজয়ী ব্যক্তি সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত অর্থসাহায্য পেতে পারেন, যদি তাঁদের প্রকল্প বৃহৎ পরিসরে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়।
আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ২৪ এপ্রিল থেকে ১৫ জুন, ২০২৫ পর্যন্ত। ১৮ বছর বা তার ঊর্ধ্বে যে কোনও ভারতীয় নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগীদের প্রকল্পের কার্যকরী প্রোটোটাইপ অথবা সম্পূর্ণ সমাধানের ভিডিও উপস্থাপনা প্রতিযোগিতার ওয়েবসাইটে জমা দিতে হবে। ইনফোসিস ফাউন্ডেশনের ট্রাস্টি সুমিত বর্মানি বলেন, “বাস্তব জীবনের সমস্যার সমাধানে উদ্ভাবনের শক্তিকে আমরা বিশ্বাস করি, যা সমাজের উন্নয়নে সহায়ক।” তিনি জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হল দেশের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী উদ্ভাবকদের পাশে দাঁড়ানো।
প্রতিযোগিতায় জমা পড়া প্রকল্পগুলি বিচার করা হবে তিনটি মূল বিষয়কে কেন্দ্র করে: প্রকৃত সামাজিক সমস্যাকে লক্ষ্য করে সমাধান দেওয়া, কার্যকর ও বড় পরিসরে প্রয়োগযোগ্য উদ্ভাবন, এবং এমন উদ্ভাবকদের নেতৃত্ব, যারা সমাজে অর্থবহ পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ।
