ভারতীয় টেলিভিশন বাজারে জেভিসি তাদের প্রবেশের কথা ঘোষণা করেছে। এর ফলে ৯৭ বছরের পুরনো এই ব্র্যান্ডের একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটলো। কোম্পানিটি আমাজন ইন্ডিয়ায় ২০২৫ সালের ১৪ জানুয়ারি থেকে রিপাবলিক ডে সেল চলাকালীন নতুন প্রিমিয়াম কিউএলইডি স্মার্ট টিভি-র রেঞ্জ চালু করবে। উল্লেখ্য, জেভিসি হল জাপানের একটি সুবিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি।
জেভিসি-র এআই ভিশন সিরিজে রাখা হয়েছে ভারতের প্রথম ৪০-ইঞ্চি কিউএলইডি টিভি এবং ৩২ থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন আকারের টিভি। এগুলির দাম ১১,৯৯৯ টাকা থেকে ৮৯,৯৯৯ টাকা পর্যন্ত। এই টেলিভিশনগুলিতে রয়েছে ৪কে রেজোলিউশন, এইচডিআর১০ সাপোর্ট এবং ৮০-ওয়াট আউটপুটের ডলবি অ্যাটমস সাউন্ড টেকনোলজি। এগুলি গুগল টিভি, ভয়েস কন্ট্রোল ক্ষমতা এবং প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে বিল্ট-ইন অ্যাক্সেস-সহ সজ্জিত। নতুন লাইনআপে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এবং মাল্টিপল এইচডিএমআই ও ইউএসবি পোর্ট-সহ কানেক্টিভিটি ফিচার-গুলির উপর জোর দেওয়া হয়েছে। প্রতিটি মডেলে অ্যাপ ও কন্টেন্টের জন্য ২জিবি র্যাম ও ১৬জিবি স্টোরেজ রাখা হয়েছে।
জেভিসি টিভি ইন্ডিয়ার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পল্লবী সিং জানান, ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল বাজারগুলির মধ্যে একটি, এবং তারা বিশ্বাস করেন তাদের উদ্ভাবনী ও উচ্চ-মানের পণ্যগুলি স্থানীয় গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আগামী তিন বছরে ৫০০ কোটি টাকা রাজস্ব অর্জনের জন্য কোম্পানির উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের কথা ঘোষণা করেন তিনি। জেভিসি-র টেলিভিশন উৎপাদনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। জেভিসি হল বিশ্বব্যাপী টেলিভিশন চালু করা প্রথম ব্র্যান্ড। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত জেভিসি-র ভারতীয় বাজারে প্রবেশ ভারতের ক্রমবর্ধমান কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরে কোম্পানির উপস্থিতি বাড়ানোর প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
