উজ্জ্বল সংঘে খুঁটি পুজো, দুর্গোৎসবের সূচনা

উল্টোরথের পুণ্য তিথিতে শুক্রবার সকালে নিষ্ঠা ও ধর্মীয় আচার মেনে খুঁটি পুজোর মাধ্যমে আসন্ন দুর্গোৎসবের সূচনা করল শিলিগুড়ির উজ্জ্বল সংঘ। এবছর তাদের দুর্গাপুজোর ৭৩তম বর্ষ, আর সেই উপলক্ষে দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক বিশেষ আকর্ষণ। এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি বিশাল মণ্ডপ। এই মণ্ডপ নির্মাণে ঝাড়খণ্ড থেকে দক্ষ শিল্পীদের আনা হচ্ছে।

মণ্ডপের সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিক উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজোর জন্য এ বছর প্রায় ৩৮ লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে। মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা এবং বিভিন্ন আয়োজন মিলিয়ে দর্শনার্থীদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ধর্মীয় আয়োজনের পাশাপাশি পুজো চলাকালীন বিভিন্ন সামাজিক উদ্যোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনাও থাকবে।

উৎসবের আনন্দের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও তুলে ধরতে চায় উজ্জ্বল সংঘ। খুঁটি পুজোর মধ্য দিয়ে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে এলাকায়। ঐতিহ্য, নান্দনিকতা ও সামাজিক ভাবনার সমন্বয়ে ৭৩তম বর্ষের এই দুর্গাপুজো শিলিগুড়ির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা ক্লাব কর্তৃপক্ষের।