১০ দফা দাবি নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদে কৃষক সভার ডেপুটেশন

একাধিক জনস্বার্থের দাবি নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সিইও-র কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা। সভাধিপতির পদত্যাগের পর দীর্ঘদিন ধরে মহকুমা পরিষদের কাজকর্ম কার্যত অচল হয়ে রয়েছে বলে অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সংগঠনের প্রতিনিধিরা।

ডেপুটেশনে মোট ১০টি দাবি ও প্রশ্ন তুলে ধরে আগামী ১০ দিনের মধ্যে প্রশাসনের কাছ থেকে লিখিত জবাব দাবি করা হয়েছে। সভাধিপতির পদত্যাগের পর পরিষদের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে এবং কোন আইনি ভিত্তিতে সাধারণ সভা ডাকা হচ্ছে, তা স্পষ্ট করার দাবি জানিয়েছে কৃষক সভা।

এছাড়াও গ্রামীণ এলাকার বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের প্রতিনিধিরা। ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত পরিকল্পনার অভাব, প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে না হওয়া এবং ১০০ দিনের কাজ চালু না হওয়া নিয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

গ্রামীণ এলাকার পশুহাট বন্ধ থাকায় কৃষক ও পশুপালকদের সমস্যার কথাও তুলে ধরা হয়। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা, রেশন, আবাসন ও কর্মসংস্থান-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়া যোগ্য নাগরিকদের পুনরায় তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে। কৃষক সভার পক্ষ থেকে দ্রুত সমস্ত সমস্যার সমাধান এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে মহকুমা পরিষদের স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।