শিলিগুড়ি পৌরনিগমের দ্রুত নির্বাচন এবং শহরের বেহাল নাগরিক পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও পৌরনিগম ঘেরাও কর্মসূচি পালন করল দার্জিলিং জেলা বামফ্রন্ট।
বামফ্রন্টের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট, নিকাশি ব্যবস্থার অবনতি, নিয়মিত জঞ্জাল পরিষ্কার না হওয়া এবং বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এদিন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বহু বাম নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। তাঁরা অবিলম্বে পৌরনিগম নির্বাচনের দিন ঘোষণা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরনিগম চত্বরে মোতায়েন ছিল পুলিশ। বাম নেতৃত্বের হুঁশিয়ারি, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
