ডুয়ার্সের মেটেলি ব্লকের ইংডং চা-বাগানে চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। শুক্রবার ভোররাতে এক চিতাবাঘ গৃহস্থের মুরগির ঘরে ঢুকে শিকার করতে গিয়ে বিপত্তির মুখে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোক লাইনের বাসিন্দা শুকনাথ গোয়ালের বাড়ির উঁচু মুরগির ঘর থেকে একটি মুরগি মুখে করে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিল চিতাবাঘটি। ঠিক সেই সময় পাশের গভীর কুয়োর মধ্যে পড়ে যায় সে। হঠাৎ কুয়োর ভেতর থেকে চিতাবাঘের গর্জন শুনে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ব্যবহার করার প্রস্তুতি নেন। ইতিমধ্যেই কুয়োর চারপাশে ভিড় জমেছে কৌতূহলী গ্রামবাসীদের। বনকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁদের সরিয়ে দেয়।
বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছে, “চিতাবাঘটিকে নিরাপদে কুয়ো থেকে বের করে জঙ্গলে ছেড়ে দেওয়ার চেষ্টা হবে। প্রাণীটি আপাতত সুস্থ রয়েছে।”
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে ডুয়ার্সে প্রায়ই জনবসতিতে চিতার আনাগোনা বাড়ছে।
