ভারতীয়দের পছন্দ মাতৃভাষায় ভ্রমণ পরিকল্পনা- মেকমাইট্রিপ

ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল কোম্পানি ‘মেকমাইট্রিপ’ তাদের জেন-আই চালিত ট্রিপ প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট ‘মাইরা’-র প্রায় ২০ লক্ষ ভয়েস কনভারসেশনের তথ্য বিশ্লেষণ করে ভারতীয় পর্যটকদের আচরণে একটি মিল খুঁজে পেয়েছে। তথ্য অনুযায়ী, ভারতীয় ভ্রমণকারীরা এখন টাইপ করার চেয়ে নিজেদের মাতৃভাষায় কথা বলে ভ্রমণের পরিকল্পনা করতে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন। বর্তমানে মাইরা প্রতিদিন ৫০,০০০-এর বেশি কথোপকথন পরিচালনা করছে, যার মধ্যে ৪৫ শতাংশেরও বেশি প্রশ্ন আসছে টু ও থ্রি টায়ার শহর থেকে।

সমীক্ষায় দেখা গিয়েছে, টেক্সট বা লিখে সার্চ করার তুলনায় ভয়েস সার্চ অনেক বেশি তথ্যবহুল এবং দীর্ঘ হয়। যেখানে টেক্সট সার্চ সাধারণত ৩-৪ শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে (যেমন- “গোয়া হোটেলস চিপ”), সেখানে ২৩ শতাংশ ভয়েস সার্চ ১১ শব্দের বেশি হয়। পর্যটকরা কথা বলার সময় গন্তব্য, বাজেট, সদস্য সংখ্যা এবং হোটেলের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য একবারে দিয়ে থাকে। যেমন বাংলা ভাষায় ব্যবহারকারীরা জিজ্ঞাসা করছেন, “হ্যালো মাইরা, এই হোটেলটা গুয়াহাটি রেল স্টেশন থেকে কতদূর?”। তারিখ সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে ভয়েস সার্চ টেক্সটের চেয়ে ৩.৩ গুণ বেশি এবং তথ্যমূলক প্রশ্নের ক্ষেত্রে ২.৭ গুণ বেশি ব্যবহৃত হচ্ছে।

ভয়েস সার্চের মাধ্যমে ভাষার বৈচিত্র্যও স্পষ্টভাবে ফুটে উঠেছে। ইংরেজি টেক্সট সার্চে আধিপত্য বিস্তার করলেও, ভয়েস সার্চের ক্ষেত্রে মালায়লাম, তামিল এবং তেলুগু ভাষায় কথা বলার প্রবণতা টেক্সটের তুলনায় যথাক্রমে ৪৬, ৩৬ এবং ৩২ গুণ বেশি। মেকমাইট্রিপ-এর কো-ফাউন্ডার এবং গ্রুপ সিইও রাজেশ মাগো জানান, যারা নিজস্ব ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভয়েস সার্চ তাদের জন্য ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ করে তুলেছে। বর্তমানে মাইরা বাংলা, হিন্দি, কন্নড়, মালায়লাম, মারাঠি, তামিল ও তেলুগু সহ একাধিক ভাষায় পরিষেবা দেয়।