দুই নারীর বিবাহ : সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে রিয়া ও রাখি

ভালোবাসার কোনো সীমানা হয় না—এ কথা ফের সত্যি করলেন সুন্দরবনের দুই তরুণী। মন্দিরবাজারের রিয়া সরদার ও বকুলতলার রাখি নস্কর সমাজের বাঁধাধরা নিয়ম উপেক্ষা করে বিবাহবন্ধনে আবদ্ধ হলো। প্রত্যন্ত অঞ্চলের এই ঘটনাই আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছে রিয়া। অন্যদিকে রাখি বেড়ে উঠেছেন নিজের পরিবারে। দুজনেই পেশায় নৃত্যশিল্পী। নাচের সূত্রেই প্রায় দুই বছর আগে তাদের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক।

রিয়া যখন নিজের পরিবারের কাছে সম্পর্কের কথা প্রকাশ করে, তা মেনে নেয়নি পরিবার। বাধ্য হয়ে বাড়ি ছাড়তে হয় তাঁকে। এরপর আশ্রয় মেলে রাখির বাড়িতে। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের উপস্থিতিতে স্থানীয় এক মন্দিরে মালাবদল করে বিয়ে সারেন তাঁরা।

সমাজের কট্টরতা, ভয় আর সংকোচের দেয়াল ভেঙে নিজেদের ভালোবাসার জগৎ গড়ে তুলেছে রিয়া ও রাখি। সুন্দরবনের বুক থেকে জন্ম নিল এক অনন্য ভালোবাসার গল্প—যা নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয়, ভালোবাসার কোনো লিঙ্গ নেই, কোনো সীমানা নেই, শুধু হৃদয়ের বন্ধনই সত্যি।