নিট-এ বড় সাফল্য মাসিদূর হোসেনের, পেলেন ৬১৮ নম্বর

মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এ ৬১৮ নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন এবং গোটা এলাকাজুড়ে খুশির পরিবেশ তৈরি হয়েছে।

মাসিদূরের বাবা মানোয়ার হোসেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা সুফিয়া বেগম একজন আশা কর্মী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পরিবারের উৎসাহ, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সহযোগিতায় তিনি এই সাফল্য অর্জন করেছেন।

নিজের সাফল্য সম্পর্কে মাসিদূর হোসেন বলেন, “আমার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া। ভবিষ্যতে মানুষের সেবা করতে চাই, বিশেষ করে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই।”

ছেলের সাফল্যে আবেগপ্রবণ বাবা মানোয়ার হোসেন বলেন, “ছোটবেলা থেকেই ওর স্বপ্ন ডাক্তার হওয়া। এক সময় আমার বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে চিকিৎসক না থাকায় আমরা অসহায় হয়ে পড়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, ছেলেকে ডাক্তারি পড়াব, যাতে চিকিৎসার অভাবে আর কাউকে প্রাণ হারাতে না হয়। আজ ছেলের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত।”

মা সুফিয়া বেগম বলেন, “ছেলের এই সাফল্যে আমরা সবাই খুব আনন্দিত। আমাদের স্বপ্ন, ও ডাক্তারি পড়ে মানুষের সেবা করবে। আজ সেই স্বপ্ন পূরণের পথে ও এক বড় পদক্ষেপ নিয়েছে।”

মাসিদূরের বোন জেসমিন ফিরদৌস বলেন, “ভাইয়ের এই সাফল্যে আমরা খুবই খুশি। এই কৃতিত্বের পিছনে বাবা-মা এবং স্কুলের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা চাই, ভবিষ্যতে ও একজন সফল চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করুক।”