উধমপুরে এনসিসি প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ট্রেনিং, প্রশিক্ষণ পাবেন জম্মু-কাশ্মীর ও লাদাখের ১২ হাজার ক্যাডেট

এদিন উধমপুরে অবস্থিত জেনারেল জোরাবর সিং এনসিসি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে করেন এনসিসি-র অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল অনুপিন্দর বেওয়ালি। বর্তমানে ওই কেন্দ্রে ৩,০০০ এনসিসি ক্যাডেট কঠোর প্রশিক্ষণ গ্রহণ করছে। তাঁদের প্রশিক্ষণের বিষয়গুলির মধ্যে রয়েছে ড্রিল, অস্ত্র চালানো, ফায়ারিং, নেতৃত্ব বিকাশ, বিপর্যয় মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা সহ যুদ্ধের অনুরূপ বিভিন্ন কোর্স।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেজর জেনারেল বেওয়ালি জানান, আগামী দিনে জম্মু, কাশ্মীর ও লেহ-লাদাখের মোট ১২,০০০ ক্যাডেটকে এই উধমপুর কেন্দ্রে সারা বছর ধরে প্রশিক্ষণ প্রদান করা হবে। তাঁর কথায়, “এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য যুব সমাজের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশসেবার প্রবল মানসিকতা তৈরি করা।”

তিনি আরও জানান, এনসিসি প্রশিক্ষণকে আধুনিক করার লক্ষ্যেই এবার ক্যাডেটদের জন্য চালু করা হয়েছে প্রযুক্তিনির্ভর কিছু বিশেষ কোর্স। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), সাইবার সুরক্ষা ও ড্রোন পরিচালনার প্রশিক্ষণ। এই নতুন প্রজন্মের প্রশিক্ষণ দিতে সহায়তা করছে আইআইটি জম্মু ও জম্মু-কাশ্মীর সাইবার পুলিশের বিশেষজ্ঞরা।

এই উদ্যোগ ক্যাডেটদের শুধু জাতীয় প্রতিরক্ষা নয়, ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও প্রস্তুত করবে বলে মনে করছে প্রতিরক্ষা মহল।