চারদিনেই বাংলা থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু, শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত রাজ্যে

চারদিনের মধ্যেই বাংলা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। ১৬ দিন এক জায়গায় থমকে থাকার পর অবশেষে সক্রিয় হয়েছে বর্ষা বিদায় রেখা। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছে, গুজরাট ও উত্তরপ্রদেশে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহার – ঝাড়খণ্ডের কিছু অংশ থেকেও বর্ষা সরে গিয়েছে। আগামী চারদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে বলে অনুমান।

দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকেই রাজ্যে শুষ্ক আবহাওয়া শুরু হবে বলে দপ্তরের পূর্বাভাস। আগামী সপ্তাহেই বাংলায় বর্ষা বিদায়ের সম্ভাবনা প্রবল।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কিছু এলাকায় স্থানীয়ভাবে সামান্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন ঘটবে—আর্দ্রতা কমবে ও বৃষ্টির সম্ভাবনাও আরও হ্রাস পাবে।