অনলাইনেই এবার থেকে এলপিজি বুকিং

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, বর্তমানে প্রায় ৯৫ শতাংশ গ্রাহক ডিজিটাল মাধ্যম ব্যবহার করে গ্যাস বুকিং করছেন। আইভিআরএস, এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং মোবাইল অ্যাপের মতো অনলাইন ব্যবস্থা ব্যবহার করার ফলে সুবিধা অনেক বেড়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে ভিড় না করে এই ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করার জন্য গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে, যাতে পরিষেবা আরও দ্রুত ও ঝঞ্ঝাটমুক্ত থাকে।

তারা দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে যে, সারা দেশে রান্নার গ্যাসের জোগান একদম স্বাভাবিক ও পর্যাপ্ত রয়েছে। তাই গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন আতঙ্কিত হয়ে অতিরিক্ত গ্যাস বুক না করে এবং দায়িত্বশীলভাবে গ্যাস ব্যবহার করে।

মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে, গ্যাস বণ্টন ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং প্রতিটি বাড়িতে যাতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস পৌঁছে যায়, তার জন্য নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।