যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ঐতিহাসিক, নজিরবিহীন, অতুলনীয়— এই বিশেষণগুলিও যেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই সফরের গুরুত্ব বোঝাতে যথেষ্ট নয়। দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ৬৭ বছর বয়সে কালভেরি ক্লাসের স্করপেন সাবমেরিনে সওয়ার হতে চলেছেন তিনি।
দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে এই বিরল ও ঐতিহাসিক সফরের মাধ্যমে অতল সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর ‘নিঃশব্দ যোদ্ধা’ সাবমেরিনের কার্যপ্রণালী নিজের চোখে দেখবেন রাষ্ট্রপতি মুর্মু। সাবমেরিনে মোতায়েন নৌসেনা অফিসার ও জওয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁকে দেখানো হবে কী ভাবে সোনার প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা এবং টর্পেডো ব্যবস্থাপনার মাধ্যমে যে কোনও হামলার মোকাবিলা করা হয়।
এর আগে দেশের রাষ্ট্রপতিদের মধ্যে একমাত্র এপিজে আব্দুল কালাম ২০০৬ সালে INS সিন্ধুরক্ষ সাবমেরিনে সওয়ার হয়েছিলেন। সেই সফরে ভারতের নৌবাহিনীর সক্ষমতা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন ‘মিসাইল ম্যান’।
