আদালতের নির্দেশ অনুযায়ী কোনো কর্মসূচি করা যাবে না

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ২১ জুলাইয়ের শহিদ দিবসকে ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ আদৌ নির্বিঘ্নে করা যাবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। এই আবহে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আদালতের নির্দেশ অনুযায়ী, কোনও সভা বা মিছিলের জন্য শহরের রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করা যাবে না। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, গণতান্ত্রিক দেশে কোনও রাজনৈতিক দলকে কর্মসূচি করতে বাধা দেওয়া হচ্ছে না। তবে আইন ভেঙে বা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে কোনও কর্মসূচি চলতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

তাঁর বক্তব্য, “কেউ তো বারণ করেনি। করতেই পারেন। কিন্তু, সরকারের নিয়ম মেনে করতে হবে। রাস্তা বন্ধ করে, জোরে লাউডস্পিকার চালিয়ে, মানুষকে বিরক্ত করে করা যাবে না। সবাই তো আপনার দলের নয়। যাঁরা আপনার দলকে সমর্থন করেন না, আপনি তাঁদের বিরক্ত করবেন কেন?” আদালতের নির্দেশ মেনে ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশের অনুমতি মেলে কি না, সেটাই আগামী কয়েক দিনের অন্যতম রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠতে চলেছে।