গভীর রাতে ফুলবাড়ি জাতীয় সড়কে পরপর দুটি মর্মান্তিক ও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, যার মধ্যে রয়েছেন এক সহকারী চালকও। এই পরপর দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা ফুলবাড়ি এলাকায়।
প্রথম দুর্ঘটনাটি ঘটে আমাইদিঘী মোড়ের কাছে। ভিন রাজ্য থেকে আসা একটি দুধ বোঝাই ট্যাংকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় গোটা ট্যাংকারটি। ওই ট্যাংকারের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। দীর্ঘ চেষ্টার পর দমকল ও পুলিশকর্মীরা তাকে গাড়ি থেকে বের করতে সক্ষম হন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এর কিছুক্ষণ পর, ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড় এলাকায় ঘটে যায় দ্বিতীয় দুর্ঘটনা। একটি মালবোঝাই ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে, একটি পেট্রোল বোঝাই ট্যাংকারের পিছনে ধাক্কা মারে। ট্রাকটি প্রচণ্ডভাবে দুমড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী গ্যাস কাটার দিয়ে কেটে ট্রাক চালককে উদ্ধার করে ও আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পরপর এই দুটি দুর্ঘটনার পিছনে গভীর রাতে ক্লান্ত চালকদের চোখে ঘুম চলে আসাই অন্যতম কারণ হতে পারে। ভিন রাজ্য থেকে আসা গাড়িগুলির চালকরা দীর্ঘ সময় ধরে একটানা গাড়ি চালানোর ফলে এমন দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক অনুমান।
পুরো ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে জাতীয় সড়ক স্বাভাবিক করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।
