সাতসকালে দিল্লিতে বহুতল ধসে আতঙ্ক, আটকে বহু মানুষ! শিশু-সহ আহত অন্তত ৮

শনিবার সকাল সাতটা পেরোতেই হঠাৎ করেই কেঁপে উঠল দিল্লির সীলামপুর এলাকার ওয়েলকাম অঞ্চল। ভেঙে পড়ল একটি চারতলা বিশিষ্ট বহুতল ভবন। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভোরের এই ধ্বংসস্তূপে আটকে পড়েন বহু মানুষ। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে আটজন, যাঁদের মধ্যে রয়েছেন এক বছরের শিশুও। আহতদের মধ্যে একাধিক মহিলা ও প্রবীণ নাগরিক রয়েছে।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। দমকলের সাতটি ইঞ্জিন। উদ্ধারকারী বাহিনী অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে। স্থানীয়রাও উদ্ধারকাজে এগিয়ে এসেছেন।

আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি।

জানা গেছে, ভবনটির মালিক মাতলুব তাঁর পরিবারের সঙ্গে ওই বাড়িতে থাকতো। নিচতলা ও প্রথম তলা ফাঁকা থাকলেও অন্যান্য তলায় পরিবার থাকত।

ধসে পড়ার কারণ এখনও অস্পষ্ট হলেও ভবনের গঠনগত ত্রুটি কিংবা নিষিদ্ধ নির্মাণ সম্ভাবনার কথাই উঠে আসছে। পাশাপাশি, সাম্প্রতিক অতীতে লাগাতার বৃষ্টিপাত বা আশপাশে নির্মাণ কাজের কারণে মাটির ক্ষয় হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, শুক্রবারই দিল্লির মিঠাইপুল এলাকার সর্দার বাজারে তিনটি দোকান-সহ একটি বাড়ি ধসে পড়ে। সেখানে একজনের মৃত্যু হয়। মেট্রো নির্মাণের কারণে সেই ধস বলে প্রাথমিক অনুমান। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিহতের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

ঘটনাস্থল থেকে এখনও উদ্ধার কাজ চলছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ভবিষ্যতে আরও কোনও দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।