তৃণমূল কংগ্রেসের বার্ষিক ২১ জুলাই শহিদ দিবস সমাবেশের ঠিক আগে রাজ্য সফরে আসছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮ই জুলাই, বৃহস্পতিবার, দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে বিজেপির বিশাল জনসভা — পরিবর্তন সংকল্প সভা।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সভার মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ‘পরিবর্তন’ ও ‘বিকাশ’-এর বার্তা। রাজ্য নেতৃত্বের দাবি, এই সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রত্যাশিত, যা বাংলায় গেরুয়া শক্তির নতুন জোয়ারের ইঙ্গিত দেবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহিদ দিবসের ঠিক আগে প্রধানমন্ত্রী মোদীর এই সফর একটি সুপরিকল্পিত কৌশল। এর লক্ষ্য, তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিতে বিজেপির উপস্থিতি প্রতিষ্ঠা করা ও রাজ্য রাজনীতির কেন্দ্রে বিজেপির শক্তি তুলে ধরা।
দলের অভ্যন্তরেও এই সফর ঘিরে চাঙ্গা মনোবল লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের নানা প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা দুর্গাপুরে সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরদার প্রচার— মাইকিং, পতাকা মিছিল, পথসভা এবং পোস্টারিং-এ মুখর দুর্গাপুর শহর।
