গ্রামের বার্ষিক মেলা — আনন্দ, হাসি আর কেনাকাটার ভিড়ে জমে উঠেছিল বেলাকোবার সরকারপাড়া এলাকা। কিন্তু সেই উৎসবের মধ্যেই চলছিল অন্য খেলা! পাশা ফেলে ভাগ্য পরীক্ষার নামে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ হানা দিয়ে ভেঙে দিল সেই অবৈধ আসর, গ্রেপ্তার ছয়জন।
পুলিশ সূত্রে খবর, মেলার মাঠেই খোলা জায়গায় পাশা খেলার মাধ্যমে জুয়া চলছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১৮টি পাশা, রাবারের বাক্স, কাঠের বাক্স, জুয়ার ব্যানার ও বোর্ড মানি হিসেবে ৬,৪০০ টাকা।
অভিযুক্তদের বিরুদ্ধে জুয়া ও জনসাধারণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
স্থানীয়দের দাবি, কিছুদিন ধরেই মেলার নামে জুয়ার আসর বসছিল, যা নিয়ে ক্ষোভ ছিল এলাকাবাসীর। পুলিশি অভিযানের পর অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
পুলিশ সূত্রে আরো খবর, এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে।
