নির্বাচনের আগে না*শকতার ছক ভেস্তে দিল পুলিশ

নির্বাচনের প্রাক্কালে বড় সাফল্য পেল শিলিগুড়ির প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের দার্জিলিং মোড় এলাকায় এক যুবককে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করলো পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম গোপাল কর্মকার (২৪)। সে শিলিগুড়ির পাতি কলোনি এলাকার বাসিন্দা। আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল, শালবাড়ি এলাকা থেকে একটি অস্ত্র নিয়ে এক যুবক শিলিগুড়ি জংশনের দিকে আসছে ও সেটি কারও হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং দার্জিলিং মোড় এলাকায় ওত পেতে থাকে। সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কোমর থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ।

পুলিশের প্রাথমিক অনুমান, নির্বাচনের আগে নাশকতার উদ্দেশ্যেই এই অস্ত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে এর সঙ্গে বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত গোপাল কর্মকারকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে বলে খবর।