চু*রি চক্রে সাফল্য পুলিশের

শহরে ক্রমবর্ধমান মোটরসাইকেল চুরির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর। শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ি পুলিশের তৎপরতায় মোটরসাইকেল চুরি চক্রের হদিশ মিলেছে। অগ্রসন রোড এলাকা থেকে চুরি যাওয়া দুটি মোটরসাইকেল সহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নিউ জলপাইগুড়ি এলাকার বাসিন্দা রাজ্জাক ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

 পুলিশ সূত্রে খবর, ধৃত অভিযুক্ত একাধিক এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত ছিল ও চুরি করা মোটরসাইকেল গোপনে লুকিয়ে রাখত।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর গভীর রাতে অগ্রসন রোড এলাকার একটি বাড়ি থেকে পরপর দুটি মোটরসাইকেল চুরি যাওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়ায়।

 অভিযোগ দায়েরের পর পুলিশ সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের ভিত্তিতে তদন্ত শুরু করে।

 এরপরই অভিযুক্তের খোঁজ মেলে নিউ জলপাইগুড়ি এলাকায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি চুরি সংক্রান্ত একাধিক তথ্য দেয়। তার দেখানো পথ ধরেই ৮ জানুয়ারি এনজেপি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেল দুটির পাশাপাশি আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 পুলিশের মতে, উদ্ধার হওয়া তৃতীয় বাইকটি অন্য কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।