নারীপাচার চক্রের পর্দা ফাঁস করতে ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘খাঁচা’। ছবির কেন্দ্রে রয়েছে টিয়াবন নামের এক আপাতশান্ত গ্রাম। সেখানেই চলে নারীপাচারচক্র। এই চক্রের হোতা বিশ্বম্ভর দাস ওরফে মামা, সঙ্গে সক্রিয় ভূমিকা রয়েছে তার প্রথম পক্ষের স্ত্রী মীনাক্ষীরও, সবাই যাকে মামি বলে ডাকে। ওই গ্রামেরই ছেলে কমলেশের দিদিকে তুলে নিয়ে গিয়েছিল তারা। মা প্রতিবাদ করতে গিয়ে হারিয়ে যান। শুরু হয় অপরাধের বিরুদ্ধে কমলেশের লড়াই।
ছবির সবচেয়ে বড় চমক হলো কমলেশের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় ইউটিউবার সিনেবাপ।মৃণ্ময় এবার আসছেন বড়পর্দায়।সিনেবাপ জানান, ‘‘হিরো হওয়ার ইচ্ছা আমার বহু বছরের। এক দশকের ওপরে অভিজ্ঞতা…২০১২ থেকে মিডিয়াতে কাজ শুরু করেছি, প্রথমে রিয়েলিটি শো, তারপর ইউটিউব। কিন্তু তারও আগে থেকে আমার স্বপ্ন হিরো হওয়ার। কিন্তু মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় হিরো হওয়া মুখের কথা নয়। তার জন্য সঠিক প্রিপারেশন, সঠিক মানুষদের সান্নিধ্যে আসা আর সঠিক সময়টা খুব দরকার। ইউটিউবটা আমার প্যাশন এবং প্রফেশন, কিন্তু হিরো হওয়াটা আমার অ্যাম্বিশন। এটা ২০২৬-এ ফুলফিল হতে যাচ্ছে ৷”
খাঁচায় নানা চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, মীর, কাঞ্চনা মৈত্র প্রমুখ স্বনামধন্য অভিনেতা, অভিনেত্রীরা। আরও বিভিন্ন চরিত্রে রয়েছেন কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, শ্রুতি মিত্র, পূজা চট্টোপাধ্যায়, পূজা সরকার, সোনালী চৌধুরী, অলোক সান্যাল প্রমুখ ৷
প্রযোজক প্রবীর ভৌমিক জানান, খাঁচা এক আদ্যন্ত বাণিজ্যিক ধারার ছবি। ‘‘গ্রামবাংলার সাধারণ মানুষ এখনও খুবই ভালবাসে বাণিজ্যিক ফিচার ফিল্ম দেখতে। আমি মানুষের জন্য দারুণ সিনেমা তৈরি করতে প্রস্তুত, যা শুধুমাত্র বাংলা সিনেমার উপর প্রভাব ফেলবে না, বিশ্ব চলচ্চিত্রেও দাগ কাটবে।আজকের নতুন মুখরাই আগামী দিনের বড় তারকা। এটা সবার ক্ষেত্রেই ঘটছে। তারা নতুন সুযোগের সন্ধান করছে। আমি সেই সম্ভাবনা পছন্দ করি এবং তাদের শ্রদ্ধা করি।
