রেল হকারদের হয়রানির অভিযোগে নিউ জলপাইগুড়িতে অবস্থান বি*ক্ষোভ

রেল হকারদের উপর লাগাতার হয়রানি ও অত্যাচারের অভিযোগ তুলে নিউ জলপাইগুড়িতে অবস্থান বিক্ষোভে সামিল হল অল বেঙ্গল হকার ইউনিয়ন। সংগঠনের ডাকে ও তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমর্থনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার নিউ জলপাইগুড়ি এলাকার এডিআরএম (অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে হকাররা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেল হকারদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

ট্রেন বা স্টেশনে কাজ করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে, এমনকি অনেক সময় আটক করা হচ্ছে বলেও দাবি করেন তারা। হকারদের দাবি, বহুবার শান্তিপূর্ণভাবে আন্দোলন করা ও রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরও সমস্যার কোনো সমাধান হয়নি।

রেলের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সংগঠনের। এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন শিলিগুড়ি টাউন ব্লক থ্রি শ্রমিক সংগঠনের সভাপতি সুজয় সরকার। বিক্ষোভ মঞ্চ থেকে তিনি রেল কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, হকারদের সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।

তিনি আরও জানান, রেল প্রশাসন দ্রুত হকারদের জন্য সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলে সমস্ত হকারদের পরিবারকে সঙ্গে নিয়ে রেল কর্মচারীদের কোয়ার্টার ও রেলওয়ে কার্যালয়ের সামনে বৃহত্তর অবস্থান কর্মসূচি সংগঠিত করা হবে। এই বিক্ষোভকে ঘিরে নিউ জলপাইগুড়ি এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের দাবি, রেল হকারদের জীবিকা রক্ষার জন্য প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখন দেখার বিষয়, এই আন্দোলনের পর রেল প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয় কি না।