সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা নিয়ে ‘ইংলিশ চ্যানেল’ জয় করলেন তালদির যুবক রবিন বলদে

অদম্য মানসিক দৃঢ়তা, অসাধারণ শারীরিক ক্ষমতা আর পরিবেশবিষয়ক এক শক্তিশালী বার্তা বুকে নিয়ে ইতিহাস রচনা করলেন দক্ষিণ ২৪ পরগনার তালদির বাসিন্দা রবিন বলদে। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী পৃথিবীর অন্যতম বিপদসংকুল জলপথ ‘ইংলিশ চ্যানেল’ পার করে বিশ্ব দরবারে পৌঁছে দিলেন সুন্দরবনের ম্যানগ্রোভ সংরক্ষণের বার্তা।

প্রায় ১১ ঘণ্টা ধরে হিমশীতল জলরাশির মধ্যে ৩৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দেন রবিন, যার ঢেউ, স্রোত ও ঠাণ্ডা প্রতিনিয়তই পরীক্ষা নেয় এক সাঁতারুর সাহস ও সংকল্পের। রবিনের এই যাত্রা শুধু ক্রীড়াক্ষেত্রে সাফল্য নয়, বরং এক গুরুত্বপূর্ণ পরিবেশ বার্তাও। জলবায়ু পরিবর্তন, সমুদ্রস্তর বৃদ্ধি সাথে বন্যপ্রাণী রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বন সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি এই বিরল অভিযানের মধ্য দিয়ে।

বিশেষজ্ঞদের মতে, ইংলিশ চ্যানেল জয় মানে শুধু শারীরিক নয়, বরং মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা। আর সেই পরীক্ষায় সফল হয়ে রবিন বলদে আজ বাংলার গর্ব, দেশের সম্পদ।