বেআইনি অস্ত্র সহ আটক দুই ব্যক্তিকে আটক করলেন সাগরপাড়া থানার পুলিশ

রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ৭.৬২ মিমি পিস্তল, একটি দেশি পাইপ গান এবং মোট চারটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের আজ বহরমপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাগরপাড়া থানার সাব-ইনস্পেক্টর সিরাজুস সালেহিন তাঁর দল নিয়ে বাসুদেবপুর শিব মন্দিরের কাছে পিচ রাস্তায় অভিযান চালান। রাত ১টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে ওই এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করা হয়।

ধৃতদের নাম মানিক শেখ (৩৪), বাড়ি রানিনগর থানার জাগিরপাড়া এবং বাদল মণ্ডল (২৬), বাড়ি সাগরপাড়া থানার টিকটিকিপাড়া। দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তল্লাশি চালানোর পর মানিকের কাছ থেকে একটি ৭.৬২ মিমি ইম্প্রোভাইজড পিস্তল এবং দুটি ৭.৬২ মিমি তাজা কার্তুজ উদ্ধার হয়। অন্যদিকে, বাদলের কাছ থেকে একটি দেশি তৈরি পাইপ গান এবং দুটি .৩০৩ তাজা কার্তুজ পাওয়া যায়। ধৃতরা এই বেআইনি অস্ত্র এবং কার্তুজ সঙ্গে রাখার কোনও বৈধ নথি দেখাতে পারেনি। এরপরই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয় এবং দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

​এই ঘটনায় সাগরপাড়া থানায় একটি নতুন মামলা রুজু করা হয়েছে (মামলা নং ৮৭৭/২০২৫)। ভারতীয় অস্ত্র আইনের ২৫(১)(এ) এবং ২৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আজ ধৃতদের বহরমপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (CJM) আদালতে তোলা হয়। পুলিশ ঘটনার তদন্তের জন্য ১০ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়েছে।