স্থগিত করা হলো বেশ কিছু মামলা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ বড় পালাবদলের পর এবার তার প্রভাব পড়তে শুরু করেছে আদালতের কাজেও।

নতুন সরকার গঠনের আগে, কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত মামলাগুলিতে এখনই কোনও রায় না দেওয়ার আর্জি জানালেন বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীরা। তাঁদের যুক্তি, প্রশাসনিক বদলের এই সময়ে পুরনো সরকারের আইনজীবীরা আর কার্যত সক্রিয় নন, আর নতুন প্যানেল তৈরি হতেও সময় লাগবে। অন্যদিকে, নতুন সরকার এখনও নিজেদের আইনজীবী প্যানেল গঠন করেনি। ফলে এই মধ্যবর্তী সময়ে যদি কোনও রায় দেওয়া হয়, তাহলে তা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে বলেই আশঙ্কা তাঁদের।

এই প্রেক্ষিতে আদালতের কাছে আবেদন জানানো হয়, যতদিন না নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি হচ্ছে, ততদিন সংশ্লিষ্ট মামলাগুলি বিচারাধীন রেখেই রাখা হোক। এই আবেদন শুনে প্রধান বিচারপতি সুজয় পাল সরাসরি কোনও নির্দেশ না দিয়ে জানান, প্রতিটি মামলার বিষয়বস্তু আলাদা করে দেখে তবেই এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।