দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এবার নতুন সমীকরণ তৈরি করতে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকারের প্রশাসনিক কাঠামোয় একসঙ্গে ১২৪ জন ডব্লিউবিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকলকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। বদলির তালিকায় অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিকরণের স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন সুমন হাওলাদার। গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের স্পেশাল সেক্রেটারি হিসেবে দায়িত্বভার দেওয়া হয়েছে মানবিন্দ্র দাসকে।
পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের মেম্বার সেক্রেটারি হয়েছেন কাঞ্চন চৌধুরী। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে দিব্যেন্দু ভট্টাচার্যকে। বন দফতরের স্পেশাল সেক্রেটারি হিসেবে কাজ করবেন দীপ্তেন্দু বেরা, আর ডব্লিউবিআরইডিএ -র সিই পদে দায়িত্ব পেয়েছেন অংশুমান ভট্টাচার্য। উল্লেখ্য, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে অতিরিক্ত জেলাশাসক পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
