একাধিক প্রশ্ন উঠছে প্রকল্প নিয়ে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই পূর্বতন সরকারের একাধিক সামাজিক প্রকল্প নিয়ে জল্পনা চলছে। তালিকায় তরুণের স্বপ্ন প্রকল্পও।

এমাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণির স্কুল পড়ুয়ারাদের এককালীন ১০,০০০ টাকা করে দেওয়া হয়ে থাকত। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টায় এই প্রকল্প আনা হয়। যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সুবিধা হয়।

এই উদ্দেশেই চালু হয়েছিল তরুণের স্বপ্ন। সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি, মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধার আওতায় আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প়ড়ুয়াদের ট্যাব দেওয়া ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প বন্ধ করার দাবি তুলেছেন শিক্ষকদের একাংশ। প্রকল্পের টাকা স্কুলের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করার দাবি জানাচ্ছেন তারা। তাদের কথায়, বহু পড়ুয়া রয়েছে যাঁরা ট্যাবের টাকার জন্য একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে টাকা পেলে পড়াশোনা ছেড়ে দেয়। এবার সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।