রাজ্যে বিজেপির নতুন সভাপতি হলেন শমীক ভট্টাচার্য

পরিবর্তনের পথে রাজ্য বিজেপি নেতৃত্ব। দলীয় নীতির প্রেক্ষিতে রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন সুকান্ত মজুমদার। তাঁর জায়গায় এবার দায়িত্ব পেলো শমীক ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই রদবদলকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২০২১ সাল থেকে রাজ্য বিজেপির সভাপতি পদ সামলাচ্ছিলো সুকান্ত মজুমদার। সেই সময় থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথ নেতৃত্বে বিজেপির রাজনীতির পথ নির্ধারণ করেছেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার বালুরঘাট থেকে জয়ী হন সুকান্ত, এরপর তাঁকে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় বিজেপি। ফলে, দলের নিয়ম মেনে তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হয়।

এই অবস্থায় শমীক ভট্টাচার্যের উপর ভরসা রাখল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। দীর্ঘদিন ধরেই সংগঠনের সঙ্গে যুক্ত শমীক নিজেও একদা বিধায়ক ছিলেন। সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সেই বড় লড়াইয়ের আগে রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতে এবার তাঁর হাতেই নেতৃত্বের ভার তুলে দিল বিজেপি।