শ্যাম মেটালিকস অ্যান্ড এনার্জি লিমিটেডের স্টেপ-ডাউন সহযোগী সংস্থা SMEL Steel Structural Pvt. Ltd. ওড়িশার সম্বলপুরে ১৮,০০০ টন বার্ষিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন অ্যালুমিনিয়াম ফয়েল ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এখানে ৬–৪০ মাইক্রন পুরুত্বের প্রিমিয়াম মানের অ্যালুমিনিয়াম ফয়েল তৈরি হবে।
সংস্থার ৬০,০০০ টন বার্ষিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন অ্যালুমিনিয়াম ফ্ল্যাট রোলড প্রোডাক্টস (FRP) ইউনিটও ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। সেখানে ০.৩–৪.০ মিমি পুরুত্বের অ্যালুমিনিয়াম পণ্য তৈরি হবে। সম্বলপুরের এই দুই প্রকল্পে সংস্থার মোট বিনিয়োগ প্রায় ৮০০ কোটি টাকা।
সংস্থার দাবি, এই দুই ইউনিট চালু হলে অপারেটিং মার্জিন ৪০–৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব ২ থেকে ২.৫ গুণ পর্যন্ত বাড়তে পারে।
সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ব্রিজ ভূষণ আগরওয়াল বলেন, সম্বলপুরে অ্যালুমিনিয়াম ফয়েলের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে উচ্চমানের মূল্য সংযোজিত অ্যালুমিনিয়াম পণ্যের বাজারে সংস্থার অবস্থান আরও শক্তিশালী হবে, নতুন আয়ের সুযোগ তৈরি হবে।
