শিলিগুড়ি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শহরজুড়ে উৎসবের আবহ। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আগামী ২৩ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক বিশাল শোভাযাত্রা। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ও আয়োজক কমিটির সদস্যরা।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শোভাযাত্রায় অংশ নেবে একাধিক সাংস্কৃতিক ও সামাজিক ট্যাবলো, যা শহরবাসীর জন্য বিশেষ আকর্ষণ হবে। শোভাযাত্রা শুরু হবে কলেজ প্রাঙ্গণ থেকে ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে কলেজ মাঠেই সমাপ্ত হবে।
এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক হলো জানুয়ারি মাসে আয়োজিত হতে চলা সমাপনী অনুষ্ঠান। সেখানে শিক্ষাজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি, প্রাক্তন অধ্যাপক ও প্রাক্তনীরা যোগ দেবেন বলে জানা গিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়। পাশাপাশি উপস্থিত থাকবেন শহরের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব।
উল্লেখ্য, কয়েকদিন আগেই কলেজের প্লাটিনাম জুবিলি লোগো ও রেজিস্ট্রেশনের ওয়েবসাইট উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
