নাগরিক পরিষেবায় নতুন দিশা শিলিগুড়ি পৌরনিগমের

নতুন রূপে সেজে উঠছে শিলিগুড়ি পৌরনিগম। সম্প্রতি উদ্বোধন হয়েছে পৌরনিগমের নতুন বিল্ডিং।

মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদও কাউন্সিলরদের জন্য তৈরি হয়েছে আধুনিক কক্ষ ও নতুন সভাকক্ষ। প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি এবার নাগরিক পরিষেবাতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে শিলিগুড়ি পৌরনিগম।

পৌরনিগম কার্যালয়ে সবুজ পতাকা নেড়ে বায়ো টয়লেট গাড়ি, একটি রিকভারি ভ্যান, একটি স্কাইল্যাডার গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পারিষদ দুলাল দত্ত, মানিক দে, কমল আগারওয়ালসহ বিভিন্ন কাউন্সিলররা।

এদিন শিলিগুড়ি পৌরনিগমের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে দুটি অ্যাম্বুলেন্সের চাবি ও প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হয়। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামানো হয় সোলার সিস্টেম যুক্ত বায়ো টয়লেট গাড়ি। মহিলা ও পুরুষদের জন্য আলাদা চেম্বার সহ আধুনিক এই বায়ো টয়লেট শহরের বিভিন্ন প্রান্তে পরিষেবা দেবে। এছাড়াও পৌরনিগমের গাড়ি বিকল হলে এতদিন ভাড়া করে রিকভারি ভ্যান আনতে হত।

এবার নিজস্ব বহু মূল্যের রিকভারি ভ্যান কেনায় সেই সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে। একইভাবে বৈদ্যুতিক বাতি পরিবর্তন বা জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য কেনা হয়েছে স্কাইল্যাডার গাড়ি।

মেয়র গৌতম দেব বলেন, “নাগরিক পরিষেবার মানোন্নয়নই পৌরনিগমের প্রধান লক্ষ্য। প্রয়োজনীয় যানবাহন ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে শহরবাসীর সুবিধা বাড়ানোই উদ্দেশ্য।”

শহরের উন্নয়নে এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাগরিকরাও।