কর্মজীবন থেকে অবসর নিলেন সুনীতা উইলিয়ামস। ২৭ বছরের কর্মজীবন শেষে গত ২৭শে ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে অবসর গ্রহণ করেছেন ৬০ বছর বয়সি মার্কিন নভশ্চর। সেই খবর জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
সুনীতার প্রথম মহাকাশযাত্রা ২০০৬ সালের ডিসেম্বরে। ডিসকভারি শাটলে চড়ে প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি। নাসার এক্সপিডিশন ১৪/১৫-র ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবেও দায়িত্ব পালন করেন সুনীতা। শুধু তা-ই নয়, গোটা অভিযানের সময় চারটি স্পেসওয়াক করে বিশ্বরেকর্ডও গড়েন। ২০১২ সালে দ্বিতীয় বার মহাকাশে যান সুনীতা। ১২৭ দিনের সেই অভিযানে মহাকাশ স্টেশন কমান্ডারের দায়িত্ব পালন করেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর। ২০২৪ সালে তাঁর তৃতীয় ও শেষ অভিযান ছিল বোয়িং স্টারলাইনারে চড়ে মহাকাশ স্টেশনে যাওয়া। সঙ্গী ছিলেন আর এক মার্কিন মহাকাশচারী বুচ উইলমোর। সেবার মাত্র ১০ দিনের অভিযানে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১০ মাস মহাকাশে আটকে থাকতে হয় তাঁদের। অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে ২৮৬ দিন পর পৃথিবীতে ফেরেন দু’জনে।
দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ তিনটি অভিযান সম্পন্ন করেছেন সুনীতা। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানের কথায়, ‘‘মানববাহী মহাকাশ অভিযানে সুনীতা উইলিয়ামস একজন অন্যতম পথিকৃৎ। মহাকাশ স্টেশনে সুদক্ষ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পৃথিবীর নিম্ন কক্ষপথে বাণিজ্যিক অভিযানের পথও প্রশস্ত করেছেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে সুনীতার অবদান দৃষ্টান্তমূলক, যা ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং অসম্ভবের গণ্ডি পেরোতে অনুপ্রাণিত করবে। নাসা তথা সমগ্র জাতির প্রতি একনিষ্ঠ সেবার জন্য আপনাকে ধন্যবাদ।’’
