বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত মামলায় বয়সের ছাড় নিয়ে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা যোগ্য ছিলেন কিন্তু চাকরি পাননি, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় বয়সের ছাড় পাবেন।
কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয়, শুধুমাত্র যোগ্য হয়েও পরীক্ষায় নির্বাচিত না হওয়া প্রার্থীদের নতুন করে সুযোগ দেওয়ার ক্ষেত্রে তারা পক্ষপাতী নয়। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
