যুদ্ধবিমান ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি আইআইএসসি-র সঙ্গে চুক্তি বায়ুসেনার

যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের গতি এবং পাল্লা বাড়াতে অত্যাধুনিক এয়ার-ব্রেথিং প্রোপালশন প্রযুক্তির দিকে বড় পদক্ষেপ নিল ভারতীয় বায়ুসেনা। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) পরিচালিত ‘ফাউন্ডেশন ফর সায়েন্স ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (এফএসআইডি)-র সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এয়ার-ব্রেথিং প্রোপালশন সিস্টেম এমন এক ইঞ্জিন প্রযুক্তি, যা জ্বালানি দহনের জন্য বায়ুমণ্ডলীয় অক্সিজেন ব্যবহার করে। ফলে আলাদা অক্সিজেন বহনের প্রয়োজন না থাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হালকা হয় এবং পেলোড বহন ক্ষমতা ও পাল্লা বৃদ্ধি পায়। এই প্রযুক্তি মূলত হাইপারসনিক যান, র‍্যামজেট ও স্ক্র্যামজেট ইঞ্জিনে ব্যবহৃত হয়।
বর্তমানে আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে থাকা এই প্রযুক্তি আইআইএসসি-র সহায়তায় দেশীয়ভাবে উন্নত হলে, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে বড় সাফল্য আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।