বদলে যাচ্চে নিয়ম চালু হচ্ছে এক গুচ্ছ সুযোগ সুবিধা। দেশের শ্রম ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। পুরনো ২৯টি শ্রম আইন একসঙ্গে বাতিল করে গোটা দেশে কার্যকর হল চারটি নতুন শ্রম কোড। কেন্দ্রের দাবি, নতুন এই শ্রম কোড ভারতের কর্মপরিবেশকে বদলে দেবে এবং প্রথমবারের মতো ৪০ কোটিরও বেশি শ্রমিককে বিস্তৃত সামাজিক নিরাপত্তার আওতায় আনবে।
এবার থেকে প্রতিটি কর্মীকে আনুষ্ঠানিক নিয়োগপত্র দিতে হবে। দেশের সর্বত্র একই ন্যূনতম মজুরি প্রযোজ্য হবে। পাশাপাশি সময়মতো বেতন দেওয়া হবে এর ফলে কর্মসংস্থানে স্বচ্ছতা বাড়বে।
বছরে একবার ৪০ বছরের ঊর্ধ্ব কর্মীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পাবেন। খনন, কেমিক্যাল, নির্মাণের মতো বিপজ্জনক শিল্পে কর্মরতদের জন্য বাড়তি স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও থাকছে।
আগে গ্র্যাচুইটি পেতে ন্যূনতম ৫ বছর চাকরি করতে হত। নতুন নিয়মে মাত্র এক বছরের স্থায়ী চাকরির পরেই গ্র্যাচুইটির অধিকার মিলবে, যা বেসরকারি কর্মীদের জন্য বড় সুবিধা। নারীরা নিজেদের সম্মতির ভিত্তিতে এবং নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত হলে রাতের শিফটেও কাজ করতে পারবেন। সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ— সবই আইনে স্পষ্ট করা হয়েছে। ট্রান্সজেন্ডার কর্মীরাও পাবেন সমান অধিকার।
