মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার এসআইআর আবহে বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেললেন কোচবিহারের সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা।
এখানকার প্রাক্তন ছিটমহল এলাকার মানুষরা আগে এসআইআর এর এনুমারেশন ফর্ম গ্রহণ করতে চাননি। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ২০০২ সালের ভিত্তিতে নয়, বরং ২০১৫ সালের ভিত্তিতে এখানে হবে এসআইআর। তারপর থেকেই নিশ্চিন্ত মনে ফর্ম গ্রহণ করছে প্রাক্তন বাংলাদেশি ছিটমহলের বহু বাসিন্দা। ২০১৫ সালে ভারতের মোদী সরকার এবং বাংলাদেশের তৎকালীন হাসিনা সরকারের মধ্যে চুক্তি কার্যকর হয়েছিল ছিটমহল বিনিময়ের।
সে সময়েই হয়েছিল জাতীয় নাগরিকপঞ্জী বা এনপিআর এর কাজ। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই তথ্যের উপরে ভিত্তি করেই হবে এসআইআর। এর জেরে ২০১৫ সালের পর ভারতীয় নাগরিকত্ব পাওয়া প্রাক্তন ছিটমহলবাসীদের অনেকেই অংশ নিচ্ছেন এসআইআর প্রক্রিয়ায়।
