বেকারত্ব ইস্যুতে সরব DYFI, আন্দোলনের পথে দার্জিলিং জেলা কমিটি

দার্জিলিং জেলায় ক্রমবর্ধমান বেকারত্ব ও যুবসমাজের ভবিষ্যৎ অনিশ্চয়তার প্রতিবাদে সাংবাদিক বৈঠক করল DYFI দার্জিলিং জেলা কমিটি।

সোমবার শিলিগুড়িতে অনুষ্ঠিত এই বৈঠক থেকে বেকার যুবক – যুবতীদের কাজের দাবি সহ মোট ৮ দফা দাবি সামনে আনা হয়।

DYFI নেতৃত্বের সাগর শর্মা  অভিযোগ করে, রাজ্য ও কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির জেরেই আজ যুবসমাজ চরম সংকটে।

 সরকারি নিয়োগ কার্যত বন্ধ, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ও স্থায়ী কর্মসংস্থানের অভাবে যুবকদের সামনে অন্ধকার ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে।

এই পরিস্থিতিতে অবিলম্বে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী কাজের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র সাংবাদিক বৈঠকেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না।

 আগামী ২১ জানুয়ারি মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে তাঁদের সমস্ত দাবি লিখিতভাবে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

DYFI দার্জিলিং জেলা কমিটি স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন। যুবসমাজের সমস্যার প্রতি প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃত্ব।